গুরুদাসপুরে পিকআপ ও সেচ মোটরসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নাটোরের গুরুদাসপুরে পিকআপ ভ্যান ও সেচ মোটরসহ সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাটোরের গুরুদাসপুরে চোরাই মালামাল ও একটি পিকআপ ভ্যানসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার কাছিকাটা আত্রাই টোল প্লাজা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাটপাড়া গ্রামের রানা আহম্মেদ, বিন্নবাড়ি গ্রামের জসিম উদ্দিন ও নাড়িবাড়ি গ্রামের মিজান আলী (৩০)। আটকের সময় তাঁদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান, একটি সেচ মোটর এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, আটক ব্যক্তিদের শনিবার আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রোববার আদালতে তাঁদের রিমান্ড আবেদন করা হবে।