আন্তর্জাতিক

ক্রিটে ৪৮ ঘণ্টায় ২০২ অভিবাসী উদ্ধার, বেশিরভাগ বাংলাদেশ ও সুদানের

৭ আগস্ট ২০২৬
লিবিয়া থেকে ৪৮ ঘণ্টার কম সময়ে ক্রিট দ্বীপে পৌঁছেছেন ২০২ জন অভিবাসনপ্রত্যাশী। এদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশ ও সুদানের নাগরিক।

গ্রিসের ক্রিট দ্বীপে অনিয়মিত অভিবাসনপ্রত্যাশীদের আগমন অব্যাহত রয়েছে। গত ৪৮ ঘণ্টার কম সময়ে লিবিয়া থেকে একের পর এক নৌযাত্রায় অন্তত ২০২ জন এই দ্বীপে পৌঁছেছেন। উদ্ধার হওয়াদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক। পাশাপাশি কয়েকজন মিসরীয়ও রয়েছেন।

গত বৃহস্পতিবার সকালে ৪০ জনের একটি দল ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলের ইয়েরাপেত্রায় পৌঁছায়। ইউরোপের সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের উড়োজাহাজ নৌকাটি শনাক্ত করে। পরে উপকূলরক্ষী বাহিনীর টহল জাহাজ ও একটি মাছ ধরার নৌকার সহায়তায় তাদের বন্দরে নেওয়া হয়। সেখানে তাদের নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের কাজ শুরু হয়।

এর কয়েক ঘণ্টা আগে আরও দুটি নৌকায় ১১২ জন অভিবাসনপ্রত্যাশী সেখানে পৌঁছান। প্রথম নৌকায় ৫৬ জনের মধ্যে ৩১ জন সুদানি এবং ২৫ জন বাংলাদেশি ছিলেন। দ্বিতীয় নৌকার ৫৬ জনের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং ৯ জন মিসরীয় ছিলেন।

ক্রিট দ্বীপে অভিবাসীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ ও গ্রহণকেন্দ্রগুলোর ওপর চাপ বেড়েছে। উদ্ধার হওয়া সব অভিবাসনপ্রত্যাশীকে হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আশ্রয় শিবিরে রাখা হয়েছে।

অভিবাসনগ্রিসক্রিটবাংলাদেশসুদান