বিনোদন

'ক্যাপ্টেন ফিলিপস' অভিনেতার নতুন সিনেমা 'মালস্ট্রম', শুটিং সম্পন্ন

১২ আগস্ট ২০২৬
'ক্যাপ্টেন ফিলিপস' অভিনেতার নতুন সিনেমা 'মালস্ট্রম', শুটিং সম্পন্ন
ডাচ-বেলজিয়াম যৌথ প্রযোজনার সিনেমা 'মালস্ট্রম'-এর কাজ শেষ হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অস্কার মনোনীত তারকা বারখাদ আবদি।

ডাচ-বেলজিয়ান যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র 'মালস্ট্রম'-এর চিত্রগ্রহণ সম্পন্ন হয়েছে। সিনেমাটিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন 'ক্যাপ্টেন ফিলিপস' খ্যাত অস্কার মনোনীত সোমালি-আমেরিকান অভিনেতা বারখাদ আবদি, জিম ডেডেস এবং টেনজিং ওইং। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভ্যারাইটি চলচ্চিত্রটির প্রথম দৃষ্টিভঙ্গি বা 'ফার্স্ট লুক' প্রকাশ করেছে। ছবিটি পরিচালনা ও রচনা করেছেন টেডি চেরিম এবং প্রযোজনা করেছেন মার্টিন ভ্যান ওয়ারমারডাম।

সিনেমার গল্পে দেখা যায়, চরম আর্থিক সংকট থেকে বাঁচতে ইয়ান নামের এক বার্জ ক্যাপ্টেন ডানকার্ক থেকে রোটারডামে জরুরি বালু পরিবহনের কাজ নেন। তবে যাত্রা শুরুর পরপরই তিনি আবিষ্কার করেন, তার জাহাজের মালামালের ভেতর লুকিয়ে আছেন ১১ জন শরণার্থী। খালের পথ ধরে এগিয়ে চলার সময় এই অপ্রত্যাশিত যাত্রীরা ইয়ানকে এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় এবং জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলে দেয়।

চলচ্চিত্রে ইয়ান চরিত্রে অভিনয় করেছেন জিম ডেডেস এবং তার সহকারী এডওয়ার্ড চরিত্রে আছেন টেনজিং ওইং। বাহদুন চরিত্রে অভিনয় করা বারখাদ আবদির কথা মাথায় রেখেই চরিত্রটি রূপায়ণ করেছিলেন পরিচালক টেডি চেরিম। 'ক্যাপ্টেন ফিলিপস' ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য বাফটা পুরস্কারজয়ী আবদি পরবর্তীতে 'গুড টাইম' ও 'ব্লেড রানার ২০৪৯'-এর মতো আলোচিত চলচ্চিত্রেও কাজ করেছেন।

পরিচালক চেরিম জানান, চলচ্চিত্রের বিষয়বস্তু গম্ভীর হলেও জাহাজের ভেতরের পরাবাস্তব পরিস্থিতির কারণে গল্পে সূক্ষ্ম হাস্যরস উঠে এসেছে। ইউরোপ যেভাবে অভিবাসী সংকট মোকাবিলা করছে—তাদের আমলাতন্ত্র, ভয় ও অস্বীকৃতিকে এই চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্যারাডাইসো ফিল্মড এন্টারটেইনমেন্ট আগামী বছর বেনেলুক্স অঞ্চলে ছবিটি মুক্তির পরিকল্পনা করছে।

চলচ্চিত্রবারখাদ আবদিমালস্ট্রমবিনোদন