ক্যানসারের ঝুঁকি বাড়ায় যেসব দৈনন্দিন খাবার

মাছ ও মাংস অতিরিক্ত তাপে রান্না, গ্রিল বা কাবাব করলে তাতে ক্ষতিকর রাসায়নিক যৌগ তৈরি হয়। এসব উপাদান কারসিনোজেন হিসেবে কাজ করে পরিপাকতন্ত্র ও কোলন ক্যানসারের আশঙ্কা বাড়িয়ে তোলে। একইসঙ্গে চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, চানাচুর ও বিস্কুটের মতো অতিরিক্ত প্রক্রিয়াজাত শর্করাজাতীয় খাবার উচ্চ তাপে ভাজলে অ্যাক্রিলামাইড নামের বিপজ্জনক উপাদান তৈরি হয়, যা পরিপাকতন্ত্রের ক্ষতির কারণ হয়।
প্রক্রিয়াজাত ফাস্ট ফুড যেমন পিৎজা, বার্গার, শিঙাড়া ও পেঁয়াজুতে থাকা ক্ষতিকর ট্রান্সফ্যাট শরীরে দীর্ঘমেয়াদি প্রদাহ তৈরি করে। এর ফলে কলোরেক্টাল, ওভারিয়ান ও প্রোস্টেট ক্যানসারের মতো ব্যাধির ঝুঁকি বাড়ে। এছাড়া সসেজ, বেকন ও হটডগের মতো প্রক্রিয়াজাত মাংসে ব্যবহৃত প্রিজারভেটিভ উচ্চ তাপের সংস্পর্শে এসে পাকস্থলীর ক্যানসারের বিস্তার ঘটাতে পারে।
কৃষি ফসলে ব্যবহৃত অর্গানোফসফেট কীটনাশক ও ভারী ধাতু পাকস্থলীর ক্যানসারের আশঙ্কা বাড়িয়ে দেয়। তামাকের ধোঁয়ায় থাকা নাইট্রোসামিন মুখ ও ফুসফুসের ক্যানসারের জন্য দায়ী। পাশাপাশি অ্যালকোহল পানের ফলে তৈরি হওয়া অ্যাসিটালডিহাইড ক্যানসার সৃষ্টিকারী জিনকে সক্রিয় করে লিভার ও পরিপাকতন্ত্রের মারাত্মক ক্ষতি করে। চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টি কর্মকর্তা মো. ইকবাল হোসেন এসব তথ্যের বিষয়টি নিশ্চিত করেছেন।