কুমিল্লায় বাল্কহেডের ওপর ভেঙে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বন্ধ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার খামারপাড়া এলাকায় খিরাই নদীর বেইলি সেতুটি হঠাৎ ভেঙে একটি ইটবোঝাই বাল্কহেডের ওপর পড়ে গেছে। শনিবার সন্ধ্যায় ঘটা এই দুর্ঘটনায় সেতু ভেঙে পড়লেও যানটিতে থাকা চালক, সুকানি, সহকারী ও ১৭ জন শ্রমিক সাঁতরে তীরে উঠে প্রাণ বাঁচান। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও সঙ্গে থাকা নগদ অর্থ, মুঠোফোন ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে বিপাকে পড়েছেন তারা।
বাল্কহেডটির মালিক ও সুকানি জুয়েল পাটোয়ারী জানান, ঢাকার জিনজিরা থেকে ৪০ হাজার ইট নিয়ে ৫০ হাজার টাকা ভাড়ায় রওনা হয়েছিলেন তারা। দাউদকান্দির খামারপাড়া বেইলি সেতুর নিচে পৌঁছামাত্র বিকট শব্দে সেতুটি তাদের ২৫ লাখ টাকা মূল্যের যানটির ওপর ভেঙে পড়ে। এতে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সেতুটির পাটাতনে মরিচা ধরে নষ্ট হয়ে গিয়েছিল। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে তা মেরামতের কাজ চলছিল। তবে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর অনুপস্থিতিতেই কাজ করতে গিয়ে শ্রমিকেরা ভুলবশত সেতুর সংযোগের নাট খুলে ফেললে এই বিপর্যয় ঘটে। দুর্ঘটনার পর সংস্কারকাজে যুক্ত শ্রমিকেরা দ্রুত পালিয়ে যান।
সেতুটি ধসে পড়ার পর সড়কটিতে সরাসরি যানবাহন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দাউদকান্দি ছাড়াও চাঁদপুরের মতলব দক্ষিণ, কচুয়া, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ চলাচলে মারাত্মক দুর্ভোগে পড়েছেন। ঘটনার পর এলজিইডির দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলামের কার্যালয়ে তাকে পাওয়া যায়নি এবং একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।