কুড়িগ্রামের ৪ স্কুলে পাস করেনি কেউ, ১২ শিক্ষকের বিদ্যালয়ে ফল শূন্য

প্রকাশিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কুড়িগ্রামের চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। সোমবার সকালে ঘোষিত দিনাজপুর শিক্ষা বোর্ডের ফলাফল পরিসংখ্যান বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
এর মধ্যে রাজারহাট উপজেলার তালতলা উচ্চবিদ্যালয়ের পরিস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত শিক্ষকের সংখ্যা ১২ হলেও এবার সেখান থেকে পরীক্ষা দেওয়া ১২ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।
তালতলা উচ্চবিদ্যালয় ছাড়া কুড়িগ্রামের অন্য যে তিনটি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে, সেগুলো হলো রাজারহাটের ব্রাহ্মণপাড়া উচ্চবিদ্যালয়, সদর উপজেলার পূর্ব কুমরপুর আদর্শ উচ্চবিদ্যালয় এবং ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়।
দিনাজপুর শিক্ষা বোর্ডের তথ্যমতে, এই বোর্ডের অধীনে থাকা মোট ২২টি বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী এবার অকৃতকার্য হয়েছে। অকৃতকার্য হওয়া এসব প্রতিষ্ঠানের তালিকাতেই রয়েছে কুড়িগ্রামের ওই চারটি বিদ্যালয়।