কারিগরি শিক্ষাই উন্নত বাংলাদেশের চাবিকাঠি: শিক্ষামন্ত্রী

উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিপুল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করেছেন এবং সেই লক্ষ্যেই বর্তমান শিক্ষানীতি বাস্তবায়িত হচ্ছে। গতানুগতিক শিক্ষা গ্রহণের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে বলেও তিনি সতর্ক করেছেন।
শনিবার (১ আগস্ট) দুপুরে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণসভা ও সৃজনশীল শিক্ষার্থী সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সারা বিশ্বে কারিগরি শিক্ষায় দক্ষদের প্রচুর চাহিদা রয়েছে। প্রবাসীকর্মীরা বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। তাদের দক্ষ করে বিদেশে পাঠালে অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এ লক্ষ্যে দেশে আরও চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হচ্ছে।
জুলাই মাসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে নবপ্রজন্ম শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে দেশকে নতুন করে ফিরিয়ে আনে। এই মাসটি দেশের মানুষের স্মৃতিপট থেকে কখনো হারিয়ে যাবে না।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, তাদের আরও উদ্ভাবনী সক্ষমতা অর্জন করতে হবে। ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে তাদের। ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মুস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন।