কাফরুলে ২৫ লাখ টাকায় ভাড়াটে শুটার, ভুল গুলিতে নিহত যুবদল কর্মী

রাজধানীর মিরপুরে যুবদল কর্মী মো. ইউসুফ হত্যার মূল রহস্য উদ্ঘাটন করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবির দাবি, কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে ২৫ লাখ টাকার বিনিময়ে চারজন পেশাদার শুটার ভাড়া করা হয়েছিল। তবে সেই পরিকল্পিত হামলা লক্ষ্যভ্রষ্ট হলে ইউসুফ প্রাণ হারান। এই ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান ওরফে সিএনজি হাফিজের সঙ্গে যুবদল নেতা বাবুর দীর্ঘদিনের কোন্দল ছিল। স্থানীয় ময়লার টেন্ডার, ফুটপাতের দোকান ও জমি দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে বাবুকে হত্যার পরিকল্পনা করা হয়। মাগুরা ও ঝিনাইদহ থেকে শুটার এনে ঢাকার একটি হোটেলে রাখা হয় এবং চুক্তির একটি অংশ অগ্রিম পরিশোধ করা হয়।
গত শুক্রবার রাতে মিরপুর ১৩ নম্বরে এই হামলার ঘটনা ঘটে। এতে ইউসুফ নিহত হন এবং মনির হোসেন ও সালাম সরদার নামের আরও দুজন আহত হন। পালানোর সময় স্থানীয় জনতা চঞ্চল নামের এক অস্ত্রধারীকে ধরে পুলিশে দেয়। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থান থেকে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় কাফরুল থানায় দুটি মামলা হয়েছে, যার মধ্যে হত্যা মামলাটি ডিবি তদন্ত করছে।