কাচের আঘাতে মৃত্যুর নাটক, ১০ হাজার টাকার জন্য কর্মচারী খুন

রাজধানীর বড় মগবাজারে পাওনা ১০ হাজার টাকাকে কেন্দ্র করে রাজু হাওলাদার (৪৮) নামে এক কাঁচামাল দোকানের কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনার পর বিষয়টিকে কাচের আঘাতজনিত দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও পুলিশের চোখ এড়ানো যায়নি। জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন দোকানের মালিক বজলুর রহমান ও তাঁর স্ত্রী সাথী আক্তার।
গত মঙ্গলবার দিবাগত রাতে গুরুতর জখম অবস্থায় রাজুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সাথী আক্তার। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করলে সাথী দাবি করেন, কাচের আঘাতে রাজুর শরীর কেটে গেছে। তবে তাঁর কথাবার্তা সন্দেহজনক মনে হলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির খবরের ভিত্তিতে হাতিরঝিল থানা-পুলিশ এসে সাথীকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, স্বামী বজলুরকে সঙ্গে নিয়ে রাজুকে ছুরি মেরে হত্যা করেছেন তিনি।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. মোন্তারছির বিল্লাহ জানান, টাকার বিরোধ নিয়ে ওই দম্পতি নিজেদের বাসায় রাজুকে কুপিয়ে হত্যা করে এবং পরে দুর্ঘটনা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। নিহতের বোন শাহানা বেগম জানান, পাওনা ১০ হাজার টাকা ফেরত দেওয়ার কথা বলে গত মঙ্গলবার রাতে রাজুকে বাসায় ডেকে এনে হত্যা করা হয়।
এই ঘটনায় নিহতের বোন বাদী হয়ে বজলুর ও সাথী দম্পতির বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। ময়নাতদন্ত শেষে স্বজনেরা রাজুর লাশ ঝালকাঠির আমুয়ায় দাফনের জন্য নিয়ে গেছেন। ১৮ বছর আগে স্ত্রী হারানো নিহত রাজুর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।