আন্তর্জাতিক

কলকাতার হোটেলে আগুন: ইজারাদার গ্রেপ্তার, দুই কর্মী আটক

২০ আগস্ট ২০২৬
কলকাতার হোটেলে আগুন: ইজারাদার গ্রেপ্তার, দুই কর্মী আটক
পশ্চিমবঙ্গের কলকাতার শিখা ইন হোটেলে আগুনে ৯ জন নিহত হওয়ার ঘটনায় হোটেলটির ইজারাদারকে গ্রেপ্তার ও দুই কর্মচারীকে আটক করা হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানির ঘটনায় হোটেলটির ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ঘটনার তদন্তে দুই হোটেল কর্মচারীকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। কলকাতার এনটালি মেইন মার্কেট এলাকা থেকে আবু জাফরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে কলকাতার মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত ‘শিখা ইন’ নামের ওই হোটেলে আগুন লাগার বার্তা পায় নিউমার্কেট থানা। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথ উদ্ধারকাজ শুরু করেন।

দীর্ঘ সময় ধরে পরিচালিত অভিযানে হোটেল ভবন থেকে প্রায় ৬০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। তবে উদ্ধারকাজের সময় দুই নারী ও এক শিশুসহ ৯ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কলকাতায় আগুনইজারাদার গ্রেপ্তারশিখা ইন হোটেলকলকাতা পুলিশঅগ্নিকাণ্ড