কর্মসংস্থান, কৃষক কার্ড ও সেমিকন্ডাক্টরে সরকারের জোর: জাহেদ

কৃষক কার্ড কর্মসূচি বিস্তার, কর্মসংস্থান সৃষ্টি, সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশ এবং প্রায় ১৫৭ বছরের পুরোনো কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়ায় সরকার জোর দিচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, পাইলট ভিত্তিতে ইতিমধ্যে ২০ হাজার ৮৩২ জন কৃষককে কার্ড দেওয়া হয়েছে এবং দেশের ৫০৩টি উপজেলায় তথ্য সংগ্রহের কাজ চলছে।
দেশের অর্থনৈতিক উদ্যোগ সম্পর্কে উপদেষ্টা জানান, ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্য ঠিক করা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার বেশি ঋণের ব্যবস্থা করা হচ্ছে, যেখানে ১০ লাখ টাকা পর্যন্ত কোনো জামানত লাগবে না। এই ঋণের অন্তত ২৫ শতাংশ নারী উদ্যোক্তা এবং ২০ শতাংশ এসএমই ক্লাস্টার উদ্যোক্তাদের দেওয়া হবে। এছাড়া ২০২৬-২৭ অর্থবছরে ১ হাজার ৫০০ কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে।
অন্যান্য খাতের উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, বন্ধ থাকা ঢাকা-নারিতা বিমান সরাসরি ফ্লাইট চালু করা হয়েছে এবং হাওরাঞ্চলে ১ হাজার ১৯৫টি হটস্পটসহ স্টেশন ও বিমানবন্দরে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা দেওয়া হচ্ছে। অন্যদিকে একনেকে সম্প্রতি ১৪ হাজার ৪৪ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন ১০ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে ডা. জাহেদ বলেন, প্রতিযোগী দেশগুলোর চেয়ে শুল্ক কম থাকায় দেশের রপ্তানিতে বড় কোনো ধস নামবে না। গণঅভ্যুত্থান-পরবর্তী চ্যালেঞ্জ কাটিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এখন ভালো কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।