ওজনে কম দেওয়ায় নাবিস্কো বিস্কুট কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআইয়ের

মোড়কে উল্লেখিত ওজনের তুলনায় কম ওজনের বিস্কুট বিক্রি করার অভিযোগে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরিকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই পণ্যের মোড়কের সামনে ও পেছনে ভিন্ন ওজন উল্লেখ করে ভোক্তাদের বিভ্রান্ত করার অভিযোগও পাওয়া গেছে।
রোববার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। এ সময় প্রসিকিউটিং কর্মকর্তা সুমাইয়া আফরোজ এবং পরিদর্শক রাভী মোহাম্মদ ইতমাম উপস্থিত ছিলেন।
বিএসটিআইয়ের অভিযানে দেখা যায়, নাবিস্কোর বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের প্রকৃত ওজন নিবন্ধন সনদ ও মোড়কে ঘোষিত ওজনের চেয়ে কম ছিল। এছাড়া একই পণ্যের মোড়কের বিভিন্ন স্থানে ভিন্ন ওজন উল্লেখ করা হওয়ায় ভোক্তা বিভ্রান্তির আশঙ্কা দেখা দেয়।
আদালত প্রতিষ্ঠানটিকে সঠিক ওজন নিশ্চিত করে পণ্য উৎপাদন ও বাজারজাত করার নির্দেশ দিয়েছেন। ভবিষ্যতে অনিয়মের পুনরাবৃত্তি হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ ও ন্যায্য বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতে বিএসটিআই তাদের তদারকি কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে।