শিক্ষা

এসএসসিতে মাইলস্টোন কলেজের পাসের হার ৯৯.৬৭, জিপিএ-৫ ৬১৩ জনের

১০ আগস্ট ২০২৬
এসএসসিতে মাইলস্টোন কলেজের পাসের হার ৯৯.৬৭, জিপিএ-৫ ৬১৩ জনের
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মাইলস্টোন কলেজের ৯৯.৬৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যার মধ্যে ৬১৩ জন জিপিএ-৫ অর্জন করেছে।

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে সফলতার ধারাবাহিকতা ধরে রেখেছে রাজধানীর মাইলস্টোন কলেজ। বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন মিলিয়ে প্রতিষ্ঠানটি থেকে মোট ১,৪৯৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১,৪৮৮ জন পাস করেছে। পাসের গড় হার ৯৯.৬৭ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন শিক্ষার্থী।

বিভাগভিত্তিক ফলাফলের চিত্রে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেওয়া ১,২৬৫ জনের মধ্যে ১,২৬২ জন উত্তীর্ণ হয়েছে, যেখানে পাসের হার ৯৯.৭৬ শতাংশ। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকেই ৫৯৩ জন জিপিএ-৫ অর্জন করেছে। অপরদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২২৮ জন পরীক্ষায় অংশ নিয়ে ২২৬ জন পাস করেছে। এই বিভাগে পাসের হার ৯৯.১২ শতাংশ।

ফল প্রকাশের পর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। অধ্যক্ষকে সঙ্গে নিয়ে শিক্ষক ও অভিভাবকেরা এই আনন্দ উৎসবে অংশ নেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, নিয়মিত ক্লাস, সঠিক পাঠ পরিকল্পনা অনুসরণ ও অ্যাকাডেমিক শৃঙ্খলা বজায় রাখার কারণেই এই সাফল্য অর্জিত হয়েছে। একই সঙ্গে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাকে এই ফলাফলের ভিত্তি হিসেবে আখ্যা দেন।

এসএসসি ফলাফলমাইলস্টোন কলেজজিপিএ-৫শিক্ষা