শিক্ষা

এসএসসিতে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ জনই পেলেন জিপিএ–৫

১০ আগস্ট ২০২৬
এসএসসিতে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ জনই পেলেন জিপিএ–৫
এসএসসি পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমসের ৩৮২ জন পরীক্ষার্থীর সবাই শতভাগ জিপিএ–৫ অর্জন করেছে।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস চমৎকার ফল অর্জন করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ৩৮২ জন শিক্ষার্থীর সবাই পাস করার পাশাপাশি শতভাগ জিপিএ–৫ পেয়েছে। ফল প্রকাশের পর বিদ্যালয় প্রাঙ্গণে পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উল্লাস করতে দেখা যায়।

বিদ্যালয় কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এদের সকলেই জিপিএ–৫ পেয়েছে। ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি ধারাবাহিকভাবে বিভিন্ন পাবলিক পরীক্ষায় জিপিএ–৫ অর্জনের এ সাফল্য বজায় রেখে আসছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সময়োপযোগী দিকনির্দেশনা ও শিক্ষক-শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ কৃতিত্ব অর্জন সম্ভব হয়েছে। ২০০৮ সালে নরসিংদীর ভেলানগর এলাকায় থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা ও তাঁর স্ত্রী নাছিমা বেগম যৌথভাবে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। বর্তমানে ৫,২০০ শিক্ষার্থীর এই শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭৪ জন শিক্ষক কর্মরত আছেন।

এসএসসি ফলজিপিএ-৫নরসিংদীনাছিমা কাদির মোল্লা হাইস্কুল