এলজির নতুন ওলেড প্রযুক্তি: বেশি উজ্জ্বল, দীর্ঘস্থায়ী ও যেকোনো আকারের

এলজি ডিসপ্লে একটি নতুন ওলেড উৎপাদন পদ্ধতি প্রকাশ করেছে, যা প্যানেলকে আরও উজ্জ্বল, দীর্ঘস্থায়ী এবং শক্তি সাশ্রয়ী করে তুলবে। এই নতুন প্রযুক্তির নাম 'এফএলিপিপি' (FMM-Less innovative Pixel Patterning)। কোম্পানি এটিকে পরবর্তী প্রজন্মের ওলেড প্যানেলের সীমাবদ্ধতা দূর করার একটি স্বপ্নের সমাধান হিসেবে বর্ণনা করেছে।
পারম্পরিক আরজিবি ওলেড প্যানেলে পিক্সেলের নকশা তৈরি করতে ফাইন মেটাল মাস্ক (FMM) ব্যবহার করা হয়, যা একটি ছিদ্রযুক্ত ধাতব প্লেট। এই পদ্ধতি ব্যয়বহুল এবং বড় প্যানেলের ক্ষেত্রে এতে ঝুলে পড়া বা অ্যালাইনমেন্টের সমস্যা দেখা দেয়। অন্যদিকে, এফএলিপিপি প্রযুক্তি প্রথমে আরজিবি পিক্সেল সাজায় এবং তারপর ফটোলিথোগ্রাফি ও আল্ট্রাভায়োলেট আলোর সাহায্যে অপ্রয়োজনীয় অংশগুলো সরিয়ে দেয়।
এলজি ডিসপ্লে জানায়, এফএলিপিপি প্রযুক্তি ব্যবহার করা ওলেড প্যানেলগুলো সাধারণ প্যানেলের তুলনায় ১.৬ গুণ বেশি উজ্জ্বল এবং ২.৪ গুণ বেশি দিন স্থায়ী হবে। এছাড়াও এতে বিদ্যুৎ খরচ ১৩ শতাংশ কমে যাবে। কোম্পানির দাবি, এই প্রযুক্তি প্যানেলের আকার বা রেজোলিউশনের কোনো সীমাবদ্ধতা থেকে মুক্ত, ফলে ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) এবং অগমেন্টেড রিয়ালিটি (এআর) ডিসপ্লেসহ যেকোনো প্রয়োজনে এটি ব্যবহার করা সম্ভব।
এলজি ডিসপ্লে প্রথমে ট্যাবলেট এবং মনিটরের মতো আইটি অ্যাপ্লিকেশনে এই প্রযুক্তি ব্যবহার শুরু করবে। পরবর্তী ধাপে এটি আল্ট্রা-লার্জ টিভি এবং ১ ইঞ্চি আকারের পরিধেয় যন্ত্রপাতিতে প্রয়োগ করা হবে। তবে উৎপাদন কখন শুরু হবে বা প্রথম পণ্যটি কখন বাজারে আসবে, তা নিয়ে এখনো কোনো তথ্য জানানো হয়নি।