এমএসআই ক্ল এক্স: শক্তিশালী পোর্টেবল ডিভাইস, তবে দাম ১,৮০০ ডলার

পোর্টেবল গেমিং পিসির বাজারে নতুন মাইলফলক হিসেবে এসেছে এমএসআই ক্ল ৮ এক্স এআই প্লাস (ক্ল এক্স)। পরবর্তী প্রজন্মের ইনটেল চিপ ও ৮ ইঞ্চির ১৯২০ x ১২০০ রেজুল্যুশনের ডিসপ্লে সংবলিত এই হ্যান্ডহেল্ড ডিভাইসটি ব্যাটারি লাইফ এবং পারফরম্যান্সের দিক থেকে স্টিম ডেক ও এক্সবক্স অ্যালাই এক্স-এর চেয়ে বেশ এগিয়ে রয়েছে। ১০৮০পি রেজুল্যুশনে গেম খেলার ক্ষেত্রে এটি এক্সবক্স অ্যালাই এক্স-এর চেয়ে প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বেশি পারফরম্যান্স দিতে সক্ষম।
ডিভাইসটির মোট ওজন ১.৭৩ পাউন্ড বা ৭৮৫ গ্রাম হলেও বিশেষ গ্রিপ নকশার কারণে এটি হাতে ধরে রাখা বেশ আরামদায়ক। ৮০ ওয়াট-আওয়ার ক্ষমতার বড় ব্যাটারির কারণে এতে দীর্ঘ সময় ধরে গেম খেলা যায়। এ ছাড়া উইন্ডোজের স্লিপ ও হাইবারনেট ফিচার এতে সঠিকভাবে কাজ করায় উইন্ডোজ পোর্টেবল ডিভাইস হিসেবে এটি বেশ নির্ভরযোগ্য।
তবে দুর্দান্ত পারফরম্যান্স থাকা সত্ত্বেও ১,৮০০ মার্কিন ডলারের চড়া দাম ডিভাইসটির মূল প্রতিবন্ধকতা। পাশাপাশি ইনটেল ড্রাইভারের সমস্যার কারণে কিছু গেমের গ্রাফিক্সে বিভ্রাট এবং গেম ফ্রিজ বা হ্যাং করার মতো ঘটনা ঘটছে। সেই সঙ্গে সাউন্ড বাড়ালে ডিভাইসে কম্পন তৈরি হওয়া এবং ফ্যানের আওয়াজ বেশি হওয়ার মতো সমস্যাও এতে রয়েছে।