এনভিডিয়ার এআই প্রকল্পে ওয়াল স্ট্রিটের ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামো গড়ে তুলতে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যাংক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে ৫০০ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহের চুক্তি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া। অ্যাপোলো, ব্ল্যাকরক, ব্ল্যাকস্টোন, ব্রুকফিল্ড, গোল্ডম্যান স্যাকস এবং কেকেআর-এর মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছে। বিনিয়োগকারীরা এবারই প্রথম এআই হার্ডওয়্যার ও অবকাঠামোকে সরাসরি একটি স্বতন্ত্র সম্পদ শ্রেণী হিসেবে গণ্য করছেন।
সংগৃহীত এই বিশাল অর্থ এনভিডিয়া ও তার অংশীদারদের এআই ডেটা সেন্টার নির্মাণ এবং নতুন চিপ তৈরির কারখানা গড়ে তুলতে ব্যবহার করা হবে। এসব ডেটা সেন্টারে এআই ডেটা প্রক্রিয়াকরণের জন্য শক্তিশালী চিপ স্থাপন ও তা ঠান্ডা রাখার ব্যবস্থা থাকবে। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং জানান, এআই প্রযুক্তিতে কম্পিউটিং ক্ষমতাই আয়ের মূল ভিত্তি। তাই দীর্ঘমেয়াদী মূলধন সরবরাহকারীদের যৌথভাবে এআই অবকাঠামো তহবিলে নিয়ে আসা হয়েছে।
বর্তমানে গুগল, মেটা, আমাজন, মাইক্রোসফট, টেসলা, ওপেনএআই ও অ্যানথ্রোপিকের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এনভিডিয়ার তৈরি চিপের ওপর নির্ভরশীল। গত তিন বছরে এসব প্রতিষ্ঠান এআই খাতে ১ ট্রিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে, যার ওপর ভর করে এনভিডিয়ার বাজারমূল্য বেড়েছে প্রায় পাঁচ গুণ। তবে এই বিপুল বিনিয়োগের বিপরীতে ভবিষ্যতে সঠিক লভ্যাংশ আসবে কি না, তা নিয়ে বিশেষজ্ঞদের একাংশের মধ্যে কিছু সংশয়ও রয়েছে।