এক্সবক্সের সার্ভার বিকল: এবার ডিস্কের গেম চালানোতেও বাধা

রবিবার রাত থেকে মাইক্রোসফটের গেমিং প্ল্যাটফর্ম এক্সবক্সে বড় ধরনের কারিগরি সমস্যা দেখা দিয়েছে। এর ফলে ডিজিটাল গেম খেলার পাশাপাশি সিডি বা ডিস্কে থাকা গেম চালানোও বন্ধ হয়ে গেছে। এছাড়া ব্যবহারকারীরা অ্যাকাউন্টে লগইন করা, অ্যাপ চালু করা কিংবা এক্সবক্স স্টোর থেকে গেম খুঁজে পাওয়ার ক্ষেত্রেও বাধার মুখে পড়ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা জানান, সরাসরি কেনা গেম চালানের চেষ্টা করলেও লাইসেন্স যাচাই না হতে পেরে ত্রুটির কোড ভেসে উঠছে। এক্সবক্সের স্ট্যাটাস পেজে জানানো হয়েছে, ডিস্কভিত্তিক গেমগুলো সচল হতে শুরু করলেও ডিজিটাল গেমগুলোতে এখনো বিভ্রাট রয়ে গেছে। বিকেল ৪:৩৮ মিনিটে দেওয়া এক পোস্টে এক্সবক্স জানায়, তারা এখনো সমস্যাটি সমাধানের উপায় খুঁজছে।
সম্প্রতি ডিস্ক ব্যবহারকারীদের ডিজিটাল কপি দেওয়ার একটি ফিচার পরীক্ষা করছিল সংস্থাটি। তবে এই বিভ্রাট স্পষ্ট করে দিয়েছে যে ফিজিক্যাল গেম চালানের ক্ষেত্রেও অনলাইন যাচাইকরণের ওপর অতিরিক্ত নির্ভরতা সমস্যা তৈরি করতে পারে। চলতি মাসের শুরুর দিকে এক্সবক্সে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণার পরই এই বিশৃঙ্খলা দেখা দিল।