একরামুল হত্যা: সাবেক র্যাব অধিনায়ক মিফতাহ সেনা হেফাজতে

কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন তৎকালীন র্যাব-৭-এর অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ। সেনাসূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সোমবার রাতে বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে কর্মরত এই কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়। প্রচলিত আইন অনুসারে তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
২০১৮ সালের কথিত মাদকবিরোধী অভিযানের সময় একরামুল হক নিহত হন। এ ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়, যা ট্রাইব্যুনাল আমলে নিয়েছেন। একই সঙ্গে মামলায় পলাতক আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং গ্রেফতার থাকা তিনজনকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি এবং সেনাবাহিনীর একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফের কিরণতলীর একটি হোটেলের সামনে থেকে ৪৬ বছর বয়সী কাউন্সিলর একরামুল হককে অপহরণ করা হয়। পরে মেরিন ড্রাইভের নোয়াখালিয়া পাড়ায় র্যাবের কথিত বন্দুকযুদ্ধে তিনি প্রাণ হারান। এ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কারণে ২০২১ সালের ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র র্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, যার মধ্যে তৎকালীন র্যাব প্রধান বেনজীর আহমেদ ও মিফতাহ উদ্দিন আহমেদের নাম ছিল।