একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

কক্সবাজারের টেকনাফে সাবেক পৌর কাউন্সিলর একরামুল হককে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের নামে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রাষ্ট্রপক্ষের দেওয়া এই ফরমাল চার্জ আমলে নেন।
বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীরের সমন্বয়ে গঠিত এই ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষ অভিযোগ দাখিল করলে তা গৃহীত হয়। আদালত মামলাটির পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ আগস্ট তারিখ নির্ধারণ করেছেন।
মামলার অভিযুক্ত অন্যান্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি। পাশাপাশি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ র্যাব ও ডিজিএফআইয়ের সাবেক কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকেও আসামির তালিকায় রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফ এলাকায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন একরামুল হক। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি টানা ১২ বছর উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।