জাতীয়

এক বছর পর ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

২৬ জুলাই ২০২৬
এক বছর পর ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট
এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর রোববার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা রুটের সরাসরি ফ্লাইট আবারও চালু হচ্ছে।

এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর আবার শুরু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি আকাশপথের যাত্রা। আজ রোববার (২৬ জুলাই) রাতে এই রুটে বিমান চলাচল পুনরায় শুরু হতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টা ৪৫ মিনিটে এই রুটের উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন। উদ্বোধনী পর্ব শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি জাপানের উদ্দেশে যাত্রা করবে।

পরিচালনাগত ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কারণে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এর আগে দীর্ঘ ১৭ বছর স্থগিত থাকার পর ২০২৩ সালের সেপ্টেম্বরে এই রুটে পুনরায় যাত্রা শুরু করেছিল জাতীয় পতাকাবাহী এই বিমান সংস্থা।

জাপানের সঙ্গে বাংলাদেশের একমাত্র সরাসরি আকাশ যোগাযোগমাধ্যম হলো এই রুট। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও ব্যবসায়িক যাতায়াত সহজ করতে ফ্লাইটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিমান বাংলাদেশঢাকা নারিতা ফ্লাইটজাপানশাহজালাল বিমানবন্দর