এআই গ্যাজেটের বাজারে এবার নজর কাড়ছে 'স্মার্ট রিং'

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত নানা গ্যাজেট যেমন স্মার্ট চশমা, পিন কিংবা বহনযোগ্য রেকর্ডারের ভিড়ে এবার নজর কাড়ছে নতুন প্রযুক্তির 'স্মার্ট রিং'। সাম্প্রতিক সময়ে ভয়েস-টু-টেক্সট বা মুখে বলা কথাকে লেখায় রূপান্তরের প্রযুক্তিতে বড় অগ্রগতি এসেছে। আঙুলের ছোট এই আংটি সেই প্রযুক্তিকে মানুষের দৈনন্দিন ব্যবহারে আরও সহজ ও স্বাভাবিক করে তুলছে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান 'স্যান্ডবার'-এর সিইও মিনা ফাহমি তৈরি করেছেন 'স্ট্রিম' নামের একটি স্মার্ট রিং, যা চলতি বছরের শেষের দিকে বাজারে আসার কথা রয়েছে। ডিভাইসটিতে প্রধানত রয়েছে একটি মাইক্রোফোন, ব্যাটারি এবং ফোনের সঙ্গে সংযোগের জন্য ব্লুটুথ। আংটিটি মুখের কাছে এনে বোতামে চেপে খুব আস্তে বা ফিসফিস করে কথা বললেও তা নির্ভুলভাবে স্মার্টফোন বা কম্পিউটারে টাইপ হয়ে যায়। হাঁটার সময় বা কাজের মাঝে পকেট থেকে ফোন না বের করেই দ্রুত নোট নেওয়া কিংবা এআই অ্যাসিস্ট্যান্টের সাহায্য নেওয়ার সুবিধার কথা ভেবেই ডিভাইসটি তৈরি করা হয়েছে।
অন্যান্য এআই রেকর্ডারের মতো আশপাশের সবার কথা রেকর্ড করার বদলে এটি কেবল ব্যবহারকারীর নিজের কণ্ঠস্বর চিহ্নিত করার ওপর জোর দেয়। ফলে প্রকাশ্যে বা ক্যাফেতে উচ্চশব্দে কথা না বলেই আংটির মাধ্যমে সহজে এআই-এর সঙ্গে কথা বলা সম্ভব। স্যান্ডবারের স্ট্রিম ছাড়াও পেবল-এর প্রতিষ্ঠাতা এরিক মিগিকোভস্কির তৈরি 'ইনডেক্স ০১' এবং 'ভক্সি'-র মতো ডিভাইসগুলো এই একই প্রযুক্তি নিয়ে কাজ করছে। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে আওরা বা আল্ট্রাহিউম্যানের মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলোও তাদের আংটিতে এই সুবিধা যুক্ত করতে পারে।