উত্তরায় সাত মাসের শিশুকে আছড়ে হত্যা, বাবা পেলেন তিন দিনের রিমান্ড
রাজধানীর উত্তরায় সাত মাসের শিশুকন্যাকে আছড়ে মেরে হত্যা করার অভিযোগে বাবা কবির ইসলামকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তুরাগ থানার তদন্ত কর্মকর্তা মেহেদী হাসান ফয়সালের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, ১৫ জুলাই সন্ধ্যায় উত্তরা সিরাজ মার্কেট সংলগ্ন বালুর মাঠ এলাকায় পারিবারিক বিরোধের এক পর্যায়ে কবির ইসলাম তাঁর সাত মাসের মেয়ে রাফা মনিকে রাস্তায় আছাড় দেন। স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। পরদিন তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুলাই দুপুরে তার মৃত্যু হয়। ১৭ জুলাই শিশুটির নানি শারমীন আক্তার তুরাগ থানায় কবির ইসলামকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
আদালতে শুনানির সময় রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এজাহারে বলা হয়, কবির ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মাদক সেবনের পর স্ত্রীকে মারধর ও গালাগাল করতেন।
ঘটনার দিন লিমা আক্তার অসুস্থ বাবাকে দেখতে সন্তানকে নিয়ে বাবার বাসায় যান। সেখানে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কবির ইসলাম ক্ষিপ্ত হয়ে শিশুটিকে নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে রাস্তায় আছড়ে মারেন।