জাতীয়

উত্তরাতে পরিচ্ছন্নতাকর্মী ও প্রশাসক-এমপির ওপর হামলার অভিযোগ

২ আগস্ট ২০২৬
উত্তরাতে পরিচ্ছন্নতাকর্মী ও প্রশাসক-এমপির ওপর হামলার অভিযোগ
উত্তরাতে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে প্রশাসক ও এমপির ওপর ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে।

রাজধানীর উত্তরা এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যের ওপর স্থানীয়দের হামলার অভিযোগ উঠেছে। রোববার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে জারি করা এক জরুরি বার্তায় এই তথ্য জানানো হয়।

ডিএনসিসির দাবি, রাজাবাড়ি এসটিএস এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং স্থানীয়দের সঙ্গে আলোচনা করতে ঘটনাস্থলে যান ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় এমপি জাহাঙ্গীর হোসেন, পুলিশের উপ-কমিশনারসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় প্রশাসক ও এমপির ওপরও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে সংস্থাটি।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন জানান, স্থানীয়দের একটি পক্ষ সেখানে সিটি করপোরেশনের এসটিএসের কার্যক্রমে বাধা দেয়। এ সময় তারা সিটি করপোরেশনের প্রায় ১৪ জন কর্মীকে মারধর করেন। তাদের প্রত্যেককে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রশাসক ও স্থানীয় এমপি যখন বিষয়টি সমাধান করতে যান, তখন তাদের ওপরও ইটপাটকেল নিক্ষেপ করে স্থানীয়রা। তবে প্রশাসক ও স্থানীয় এমপি আহত হননি। ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

ডিএনসিসিউত্তরাহামলাপ্রশাসকএমপি