রাজনীতি

উখিয়ায় ১১৪ আ.লীগ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ২

২৬ জুলাই ২০২৬
উখিয়ায় ১১৪ আ.লীগ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ২
কক্সবাজারের উখিয়ায় গোপন বৈঠকের মাধ্যমে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেপ্তার ২।

কক্সবাজারের উখিয়ায় সভার মাধ্যমে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। একই মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, শনিবার দুপুরে পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় ছাত্রলীগের সাবেক এক নেতার বাড়িতে গোপনে মিলিত হন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে অনেকে পালিয়ে যান। তবে সেখান থেকে হলদিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বড়ুয়া ও আবু নাসের মোহাম্মদ ইমরানকে আটক করা হয়। ঘটনাটি ঘিরে প্রকাশিত একটি ছবিতে সভার ব্যানারে 'বাংলাদেশ ছাত্রলীগ/ মিলনমেলা ও আলোচনা সভা' লেখা দেখা যায়।

রবিবার উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) পলাশ বড়ুয়া বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে অভিযোগ করা হয়, অভিযুক্তরা সরকারের জননিরাপত্তা বিঘ্নিত করা এবং মহাসড়কে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা করছিলেন। আসামিদের তালিকায় উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহসভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল হুদা, উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক সরওয়ার কামাল পাশা এবং উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তারেক হোসেন মানিকসহ বিভিন্ন পর্য়ায়ের নেতারা রয়েছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে, এই সভার প্রতিবাদে গত শনিবার বিকেলে পালংখালী এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উখিয়াআওয়ামী লীগমামলাপুলিশকক্সবাজার