আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সোমবারেই নতুন আলোচনায় বসছেন ট্রাম্প

৩ আগস্ট ২০২৬
ইরানের সঙ্গে সোমবারেই নতুন আলোচনায় বসছেন ট্রাম্প
ইরানে সামরিক হামলা স্থগিত রেখে আগামী সোমবার দেশটির সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরুর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের ওপর নতুন করে হামলা না চালিয়ে সমঝোতায় পৌঁছাতে সোমবার বিকেল থেকে তেহরানের সঙ্গে আলোচনা শুরু হচ্ছে। রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় হামলার একটি রূপরেখা তৈরি ছিল, কিন্তু কূটনৈতিক সুযোগ দিতে তিনি তা স্থগিত করেছেন।

সামরিক পদক্ষেপ স্থগিত করার পেছনে মধ্যপ্রাচ্যের মিত্রদের ভূকিকা ছিল বলে জানান ট্রাম্প। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার তাকে হামলা না চালানোর অনুরোধ জানায়। বিশেষ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সতর্ক করে বলেন, এই হামলার ফলে পুরো অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি হতে পারে এবং প্রতিবেশী দেশগুলোতে বিপুল মানুষের ঢল নামতে পারে। মিত্রদের ইতিবাচক আশ্বাসের পরই ট্রাম্প হরমুজ প্রণালী ও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার পথ বেছে নেন।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর আসার আগে কূটনৈতিক তৎপরতা জোরদার করে তেহরান। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ ও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ফোনালাপ করেন। এতে তারা রাজনৈতিক উপায়ে পশ্চিম এশিয়ার স্থায়িত্ব বজায় রাখার ওপর জোর দেন। একই সঙ্গে ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালী দিয়ে চলাচলের নতুন নৌপথ নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদসংস্থা আইআরএনএ।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর আকস্মিক হামলা চালালে এই সংঘাতের সূচনা হয়। মাঝে কিছুদিন সাময়িক বিরতি থাকলেও প্রণালীটি পুনরায় চালুর একটি চুক্তি ব্যর্থ হয়। এর পর থেকে দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে এবং গুরুত্বপূর্ণ এই জলসীমায় কড়া নিয়ন্ত্রণ বজায় রাখছে ইরান।

ডোনাল্ড ট্রাম্পইরানআমেরিকাহরমুজ প্রণালীমধ্যপ্রাচ্য