ইরানের সঙ্গে চুক্তিই চাই, হত্যা নয়: ট্রাম্পের স্পষ্ট বক্তব্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার লাস ভেগাসে এক অনুষ্ঠানে বলেন, তিনি মানুষ হত্যা করতে চান না। তাই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের চেয়ে একটি চুক্তিতে পৌঁছাতেই তার বেশি আগ্রহ। তবে তিনি সতর্ক করেছেন, কূটনীতি ব্যর্থ হলে সামরিক শক্তি প্রয়োগের পথও খোলা থাকবে।
ট্রাম্প জানান, তার প্রশাসন ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিল। কিন্তু ইরানি কর্মকর্তারা ফোন করে আলোচনার অনুরোধ জানায়। এরপর সেই হামলার পরিকল্পনা স্থগিত করা হয়। ট্রাম্প দাবি করেন, ইরানিরা পরে এমন কথা বলার অভিযোগ অস্বীকার করলেও তিনি জানেন তারা কথা বলেছিল।
ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না বলেও তিনি জোর দিয়ে বলেন। এছাড়া ইরানের সঙ্গে অচলাবস্থা শেষ হলে তেল ও পেট্রলের দাম ব্যাপকভাবে কমে যাবে বলে তার আশা। গত ১৮ জুন ওয়াশিংটন ও তেহরান কাঠামোগত চুক্তিতে সই করেছিল, কিন্তু নিরাপত্তা ও হরমুজ প্রণালিতে নৌযান চলাচল নিয়ে মতপার্থক্যে আলোচনা স্থবির হয়ে যায়।