ইরানে হামলার ভিডিওতে গান ব্যবহার: হোয়াইট হাউসের ওপর ক্ষুব্ধ কেটি পেরি

ইরানের ওপর মার্কিন সামরিক অভিযানের একটি ভিডিওতে অনুমতি ছাড়া নিজের গান যুক্ত করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন মার্কিন পপ সংগীতশিল্পী কেটি পেরি। সম্প্রতি হোয়াইট হাউসের টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওচিত্রের ব্যাকগ্রাউন্ডে তাঁর ২০১০ সালের হিট গান ‘ফায়ারওয়ার্ক’ ব্যবহার করা হয়। সেখানে বিস্ফোরণের দৃশ্যগুলোর সঙ্গে সুরের ‘বুম, বুম, বুম’ অংশটি মিলিয়ে দেওয়া হয় এবং ক্যাপশনে লেখা হয়, ‘ইরানকে সতর্ক করা হয়েছে।’
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে কেটি পেরি জানান, বিষয়টি তাঁকে গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। তিনি স্পষ্ট করে বলেন, এই ব্যবহারের জন্য তাঁর কোনো অনুমতি নেওয়া হয়নি এবং তিনি এটি কোনোভাবেই সমর্থন করেন না। কঠিন সময়ে মানুষকে আশা ও আত্মবিশ্বাস জোগাতে গানটি তৈরি করেছিলেন জানিয়ে তিনি বলেন, ধ্বংসাত্মক সহিংসতা ও যুদ্ধ উদযাপনে গানটির ব্যবহার এর মূল ভাবনার পরিপন্থী।
ইরানের ক্ষেপণাস্ত্র, নৌ ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে মার্কিন বাহিনী হামলা চালিয়ে যাওয়ার মধ্যেই হোয়াইট হাউস থেকে ভিডিওটি আপলোড করা হয়। তবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একাধারে হামলা ও কূটনৈতিক আলোচনার বার্তা দিচ্ছে। কেটি পেরি ছাড়াও এর আগে আরিয়ানা গ্রান্দে, সেলিন ডিওন, মেল ইয়ং এবং দ্য রোলিং স্টোনসের মতো শিল্পীরা ট্রাম্পের প্রচারণায় বা সরকারি ভিডিওতে বিনা অনুমতিতে নিজেদের গান ব্যবহারের প্রতিবাদ জানিয়েছিলেন।
কেটি পেরির এমন বক্তব্যের পর নেটদুনিয়ায় নানা আলোচনা শুরু হয়েছে। অনেকে গায়িকার অবস্থানকে স্বাগত জানালেও কেউ কেউ মনে করিয়ে দেন যে তিনি তাঁর গানের স্বত্বের বড় অংশ লিটমাস মিউজিকের কাছে বিক্রি করেছেন এবং টিকটকের সাথে গায়িকার লেবেলের চুক্তি রয়েছে। তবে অনেক ভক্তই তাঁকে আইনি ব্যবস্থার পরামর্শ দিয়েছেন। এরই মাঝে কেটি পেরি তাঁর নতুন কনসার্ট ছবি ‘দ্য লাইফটাইম ট্যুর ফ্রম প্যারিস’ খুব শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দিয়েছেন।