ইরানে সামরিক হামলা স্থগিতের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

একটি সম্ভাব্য চুক্তির আশায় ইরানের ওপর সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এই নতুন সিদ্ধান্তের কথা প্রকাশ করেন। অথচ এর আগের দিনই তিনি যেকোনো মুহূর্তে ইরানে আবারও আক্রমণ করার জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছিলেন।
নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, একটি চুক্তির প্রাথমিক রূপরেখা বা মূল শর্তগুলোর বিষয়ে অগ্রগতি হয়েছে। এ কারণে আপাতত হামলা না চালানের জন্য ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রগুলোর পক্ষ থেকে ওয়াশিংটনকে আহ্বান জানানো হয়। সেই অনুরোধের প্রেক্ষিতেই সামরিক পদক্ষেপ স্থগিত রাখা হয়েছে।
ট্রাম্প আরও জানান, আলোচনার টেবিলে যে চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে, তার মধ্যে আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালি পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করার বিষয়টিও শামিল রয়েছে।