ইরান যুদ্ধের প্রভাবে নবায়নযোগ্য জ্বালানিতে চীনের রেকর্ড বিনিয়োগ
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে নবায়নযোগ্য জ্বালানির চাহিদা বাড়ায় ২০২৬ সালের প্রথম ছয় মাসে চীনের এই খাতে বিনিয়োগ রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তুলনামূলক সস্তা নবায়নযোগ্য জ্বালানির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে পরিবেশবান্ধব জ্বালানি খাতে চীনের বিনিয়োগ রেকর্ড উচ্চতায় উঠেছে।
বছরের প্রথমার্ধের তথ্য অনুযায়ী, চীনের বৈদেশিক অবকাঠামো কর্মসূচি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) আওতায় পরিবেশবান্ধব জ্বালানি খাতে অর্থায়ন রেকর্ড ২০ দশমিক ১ বিলিয়ন বা ২ হাজার ১০ কোটি ডলারে পৌঁছেছে।
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড ও সাংহাইভিত্তিক গ্রিন ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের গবেষণায় উল্লেখ করা হয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে বিআরআইয়ের পরিবেশবান্ধব জ্বালানি খাতে যে পরিমাণ চুক্তি হয়েছে, তা ২০২৫ সালের পুরো বছরের চেয়ে বেশি।