ইনফান্তিনোকে সরাতে ফিফা অচল করার পরিকল্পনা বিরোধীদের

ফুটবলের প্রভাবশালী কয়েকটি কনফেডারেশন জোট বেঁধে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে পদত্যাগ করতে বাধ্য করার পরিকল্পনা করেছে। তাঁর বিরোধীরা জানিয়েছে, ইনফান্তিনো স্বেচ্ছায় পদ না ছাড়লে ফিফার কার্যক্রম বর্জনসহ বিকল্প আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা হবে। এর ফলে সংস্থাটি কার্যত অচল হয়ে পড়বে।
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার কারণে ইনফান্তিনোর ওপর সমালোচনার ঝড় ওঠে। এরপর থেকেই তাঁর পদত্যাগের দাবি জোরালো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ জানায়, উয়েফা, কনক্যাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের নেতারা আগামী মার্চ চতুর্থ মেয়াদের নির্বাচনে তাঁকে দাঁড়ানো থেকে বিরত রাখতে কৌশল ঠিক করেছেন।
বিরোধীরা ‘গভর্ন্যান্স বয়কট’ বা প্রশাসনিক বর্জনের পরিকল্পনা করেছে। এর অংশ হিসেবে তারা ফিফা কাউন্সিল ও বিভিন্ন কমিটির বৈঠকে অংশ নেবে না এবং সিদ্ধান্ত অনুমোদন করবে না। প্রয়োজনে ২০১৭ সালে উয়েফা যে বৈশ্বিক নেশনস লিগের পরিকল্পনা করেছিল, তা বাস্তবায়নেরও প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফিফার ২১১ সদস্যদেশের মধ্যে এখন পর্যন্ত মাত্র ১৫টি দেশ ইনফান্তিনোর পক্ষে রয়েছে।
ইউরোপের কয়েকটি ফুটবল সংস্থা ইনফান্তিনোর প্রতি আগের সমর্থন প্রত্যাহার করেছে। এর মধ্যে রয়েছে দ্য ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ), ফুটবল অ্যাসোসিয়েশন অব ওয়েলস, সার্বিয়া ফুটবল অ্যাসোসিয়েশন এবং সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশন। ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সুশাসন ও নেতৃত্বের ব্যর্থতার কারণে ইনফান্তিনোর প্রতি তাদের আস্থা নেই।
উয়েফা ইনফান্তিনোকে আইনি নোটিশ পাঠিয়েছে। নোটিশে ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজেস’ পরিকল্পনা নিয়ে আইনি ব্যবস্থা বা সালিসের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলা হয়েছে। সংস্থাটি ইনফান্তিনোকে সংশ্লিষ্ট সব নথি, ই-মেইল ও তথ্য অবিলম্বে সংরক্ষণ করতে বলেছে এবং কোনো অজুহাতে তা ধ্বংস করতে নিষেধ করেছে।