ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক জাবের, সদস্যসচিব জুমা

ইনকিলাব মঞ্চের ৮ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন আবদুল্লাহ আল জাবের এবং সদস্যসচিব করা হয়েছে ফাতিমা তাসনিম জুমাকে। পাশাপাশি গত বছরের ডিসেম্বরে নিহত হওয়া সংগঠনের সাবেক প্রধান শহীদ শরিফ ওসমান বিন হাদিকে আজীবন মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের সরাসরি ভোটে এই নতুন কমিটি নির্বাচিত হয়। পরে রাতে সংগঠনের ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি প্রকাশের কথা নিশ্চিত করা হয়। আগের কমিটিতে সদস্যসচিব পদে ছিলেন আবদুল্লাহ আল জাবের। অপরদিকে নতুন সদস্যসচিব ফাতিমা তাসনিম ইতিপূর্বে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ছিলেন।
ঘোষিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন রকিবুল ইসলাম (রাফসান রাকিব), সহসাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক রায়হান আহমেদ ও অর্থ সম্পাদক মুহাম্মদ ওমায়ের। এ ছাড়া মিডিয়া ও প্রচার সম্পাদক পদে নাঈম ইবনে জহির এবং সহমিডিয়া ও প্রচার সম্পাদক পদে হাবিবুল্লাহ মিসবাহকে রাখা হয়েছে।
সংগঠনটির কার্যক্রম জোরদার করা ও মূল্যায়নের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে একটি সার্চ কমিটিও তৈরি করা হয়েছে। জি এ সাব্বিরকে আহ্বায়ক এবং মাসুদুর রহমান আদনানকে সদস্যসচিব করে গঠিত এই সার্চ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্তা আক্তার ও শাফিন শাররাজ।