ইকবালের ৫ উইকেট ও ইফতেখারের ৭১, ডিএলএস নিয়মে জিতল বাংলাদেশ

আগের ম্যাচে মাত্র ৮৯ রানে অলআউট হওয়ার পর ট্রাই সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রিটোরিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ইউনিভার্সিটি স্পোর্ট সাউথ আফ্রিকাকে ২৬ রানে হারিয়েছে লাল-সবুজ প্রতিনিধিরা।
ম্যাচে টসে হেরে বোলিংয়ে নামে বাংলাদেশ। প্রতিপক্ষের দুই ওপেনার ১৪৮ রান যোগ করে শক্ত ভিত গড়ে দেন। ৭১ বলে ৭২ রান করা লুডভিগ শুল্ডকে ফেরান পেসার রোনহাত দৌল্লাহ। এরপর বোলিংয়ে এসেই প্রতিপক্ষকে চাপে ফেলেন ইকবাল হোসেন। ৭৩ বলে ৭৯ রান করা জেসন মিউরহেডকে ফেরানোর পর একের পর এক উইকেট নেন এই পেসার। ১৯ বছর বয়সী ইকবাল ১০ ওভারে ৪৩ রান দিয়ে ৫টি উইকেট তুলে নিলে ৪৭ ওভারে ২৪৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকার দলটি।
রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। অধিনায়ক জাকির হাসান ১৪ বলে ১২, শাহাদাত হোসেন ১২ বলে ১৮ এবং মাহিফজুল ৩৯ বলে ৩৪ রান করে আউট হলে ১২.২ ওভারে ৮০ রানে ৩ উইকেট হারায় দল। চতুর্থ উইকেটে হাল ধরেন ইফতেখার হোসেন ও মাহিদুল ইসলাম। দুজন মিলে ১০৬ রান যোগ করে দলকে জয়ের শক্ত ভিত এনে দেন।
দলীয় ১৮৬ রানে (৩৬ ওভারে) বৃষ্টির কারণে ম্যাচ স্থগিত হয়। এর মধ্যে ইফতেখার ৮৬ বলে ৭১ রান এবং মাহিদুল ৬৮ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। পরবর্তীতে আর খেলা সম্ভব না হলে ডিএলএস গণনায় বাংলাদেশ ২৬ রানে জয়ী ঘোষিত হয়। আগামী ৭ আগস্ট নিজেদের পরবর্তী ম্যাচে পুনরায় সাউথ আফ্রিকার এই দলটির মুখোমুখি হবে বাংলাদেশ।