প্রযুক্তি

আমেরিকায় চীনা ও বিদেশি উন্নত রোবট আমদানিতে নিষেধাজ্ঞা

২৮ জুলাই ২০২৬
আমেরিকায় চীনা ও বিদেশি উন্নত রোবট আমদানিতে নিষেধাজ্ঞা
জাতীয় নিরাপত্তার অজুহাতে বিদেশি রোবট ও পাওয়ার ইনভার্টার আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন কমিশন, যা চীনা প্রযুক্তি খাতকে বড় ধাক্কা দেবে।

আমেরিকার বাজারে বিদেশি তৈরি ‘উন্নত রোবোটিক ডিভাইস’ এবং পাওয়ার ইনভার্টার আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। গত মঙ্গলবার ঘোষিত এই পদক্ষেপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে চীন। মানবসদৃশ ও চার পাওয়ালা রোবটের পাশাপাশি মাটিতে চলাচল করতে পারে এমন যেকোনো উন্নত রোবট এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। জাতীয় নিরাপত্তায় ঝুঁকির অজুহাতে মার্কিন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

এফসিসির নীতিমালা অনুযায়ী, চার দশমিক চার পাউন্ডের বেশি ওজনের যেসব যন্ত্রে পারিপার্শ্বিক পরিবেশ বোঝার সেন্সর, নেটওয়ার্ক চিপ এবং বাধা এড়িয়ে চলাচলের ক্ষমতা রয়েছে, সেগুলোর ওপর এই নিয়ম প্রযোজ্য হবে। ফলে বিশেষ অনুমতি না পেলে ভবিষ্যতে রোবট ভ্যাকুয়াম ক্লিনারও যুক্তরাষ্ট্রে বিক্রি করা যাবে না। চীন বর্তমানে বিশ্বজুড়ে রোবট ও সৌরবিদ্যুৎ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ইনভার্টার তৈরিতে শীর্ষে অবস্থান করছে। ফলে সানগ্রো এবং আগে থেকেই কালো তালিকাভুক্ত হুয়াওয়ের মতো চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এতে নতুন করে ক্ষতির মুখে পড়বে।

যেসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে রোবট তৈরির সুনির্দিষ্ট পরিকল্পনা জমা দিতে পারবে, কেবল তারাই এই নিষেধাজ্ঞা থেকে অব্যাহতির আবেদন করতে পারবে। তবে ইতিমধ্যে যেসব রোবট বা ইনভার্টার যুক্তরাষ্ট্রে ব্যবহার হচ্ছে, সেগুলোর ওপর নতুন নিয়ম কার্যকর হবে না। আগামী ২০২৯ সালের ১ জানুয়ারি পর্যন্ত এসব যন্ত্রে নিরাপত্তা ও সামঞ্জস্যসংক্রান্ত আপডেট দেওয়া যাবে। রয়টার্সের তথ্যমতে, চীন ছাড়া অন্য দেশের রোবট সরবরাহকারীদের এই কঠোর নিয়ম থেকে ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে।

আমেরিকাচীনরোবটনিষেধাজ্ঞাএফসিসি