আমেরিকান এআইকে টেক্কা দিতে আলিবাবার নতুন মডেল 'কিউওয়েন৩.৮-ম্যাক্স'

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা তাদের এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘কিউওয়েন৩.৮-ম্যাক্স’ সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করেছে। সোমবার এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, তাদের এই নতুন মডেলটি মার্কিন প্রতিষ্ঠান অ্যান্থ্রোপিক ও ওপেনএআই-এর শীর্ষ এআই ল্যাব এবং দেশীয় প্রতিদ্বন্দ্বী মুনশট এআই-এর ‘কিমি কে৩’-এর সঙ্গে টেক্কা দিতে সক্ষম।
আলিবাবার নিজস্ব পরীক্ষা এবং অ্যারেনা ডট এআই প্ল্যাটফর্মের র্যাংকিং অনুযায়ী, কিউওয়েন৩.৮-ম্যাক্স মডেলটিতে ২.৪ ট্রিলিয়ন প্যারামিটার রয়েছে। টেক্সট মডেলের তালিকায় এটি কেবল অ্যান্থ্রোপিকের ‘ক্লড ফেবল ৫’ এবং তিনটি ‘ওপাস’ মডেলের পেছনে রয়েছে। ভিজ্যুয়াল বিশ্লেষণ এবং ফ্রন্টএন্ড কোডিংয়ের ক্ষেত্রেও এটি শীর্ষ সারির পারফরম্যান্স দেখিয়েছে। আলিবাবা জানিয়েছে, আগামী সপ্তাহে তারা এই মডেলটির ওয়েটস (Weights) উন্মুক্ত করবে।
সম্প্রতি চীনে এআই মডেলের ওপেন-ওয়েট সংস্করণ প্রকাশের প্রবণতা বেড়েছে। বেইজিং এই কৌশলকে বিশ্বব্যাপী এআই পরিচালনায় চীনের প্রভাব বাড়ানোর হাতিয়ার হিসেবে দেখছে। কিউওয়েন৩.৮-ম্যাক্স ছাড়াও সম্প্রতি মুনশট তাদের ‘কিমি কে৩’ এবং বাইটড্যান্স ও মিনিম্যাক্স নতুন ভিডিও জেনারেশন মডেল প্রকাশ করেছে। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এই দ্রুত অগ্রগতি সিলিকন ভ্যালি এবং ওয়াশিংটনে মার্কিন প্রযুক্তিগত আধিপত্য ও নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।