আন্তর্জাতিক মেলায় ছোট উদ্যোক্তাদের বুথ ভাড়া মওকুফের ঘোষণা

রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণকারী ক্ষুদ্র উদ্যোক্তাদের বুথ ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি জানান, বিশ্ববাজারে দেশের পণ্যের পরিচিতি ও রপ্তানি বাড়ানোর জন্য এই মেলার ভূমিকা অপরিসীম। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক ছোট উদ্যোক্তা এসব অনুষ্ঠানে অংশ নিতে পারেননি, যা এখন দূর করা হবে।
পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সোমবার দশম চায়না-দক্ষিণ এশিয়া এক্সপো এবং ৩০তম চায়না-কুনমিং আমদানি-রপ্তানি, ২০২৬ শীর্ষক মেলা নিয়ে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এই ঘোষণা দেন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ব্যবসা-বাণিজ্য, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তার জন্য নানা উদ্যোগ নিচ্ছে। ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করা হবে এবং অনলাইনে ঘরে বসেই লাইসেন্স পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিফিংয়ে বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান বক্তব্য রাখেন। এতে বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাশেদুল করিম মুন্না এবং ফুটওয়্যার লেদারগুডস উৎপাদনকারী ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. নাসির খানও উপস্থিত ছিলেন।