আগামী আগস্ট মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

আগামী আগস্ট মাসে ভোক্তা পর্যায়ে পেট্রল, ডিজেল, অকটেন ও কেরোসিনের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ফলে বাজারে আগের নির্ধারিত দর অনুযায়ীই মিলবে সব ধরনের জ্বালানি তেল।
প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি লিটার পেট্রলের দাম ১৪০ টাকা এবং অকটেনের দাম ১৪৫ টাকা বহাল রয়েছে। চলতি বছরের ১৯ এপ্রিল থেকে ডিজেলের এই দর কার্যকর রয়েছে এবং জুন মাসে দর বাড়ার পর থেকে বাকি জ্বালানি তেলগুলো একই দামে বিক্রি হয়ে আসছে।
উল্লেখ্য, ২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু করে সরকার। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় সংকট তৈরি হয়, যার প্রভাব পড়েছিল দেশের বাজারেও। এর আগে ২০২২ সালের আগস্টে ডিজেলের দাম একলাফে সাড়ে ৪২ শতাংশ বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছিল, যা ছিল তৎকালীন সময়ে সর্বোচ্চ বৃদ্ধির রেকর্ড।