আইসিটিতে আন্তর্জাতিক মান বজায় না থাকার তথ্য দিল এইচআরডব্লিউ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে বাংলাদেশ কর্তৃপক্ষ ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটি বুধবার প্রকাশিত তাদের এক প্রতিবেদনে এমন উদ্বেগের কথা জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিচার প্রক্রিয়ায় এই ব্যর্থতার কারণে ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার সুযোগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি এর ফলে আইনের শাসন বিঘ্নিত হওয়া, ভুয়া অভিযোগে রাজনৈতিক প্রতিপক্ষকে বন্দি করা এবং অতীতের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পুনরাবৃত্তি ঘটার ঝুঁকি তৈরি হচ্ছে।
উল্লেখ্য, গত ২৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারিক অভিযোগ দাখিল করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ক্ষমতার মেয়াদে সংঘটিত বিভিন্ন গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় এই ব্যক্তিরা অভিযুক্ত হয়েছেন। তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে রাজনীতিবিদ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি সাংবাদিকেরা রয়েছেন। তীব্র ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ২০২৪ সালে এই সরকারের পতন ঘটে, যার মাধ্যমে অবসান হয় তাদের ১৫ বছরের বেশি সময়ের শাসন।