অ্যাপলের রিফার্বিশড ম্যাকবুক নিও মিলছে ১০০ ডলার ছাড়ে

অ্যাপলের সাশ্রয়ী ল্যাপটপ ম্যাকবুক নিও আবারও কম দামে কেনার সুযোগ তৈরি হয়েছে। অ্যাপল তাদের অফিশিয়াল রিফার্বিশড তালিকায় ল্যাপটপটি যুক্ত করেছে এবং চারটি রঙেই এটি কেনা যাচ্ছে। নতুন সংস্করণের চেয়ে এতে ১০০ ডলার পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।
এই অফারে ২৫৬ জিবি স্টোরেজের প্রাথমিক মডেলটি বিক্রি হচ্ছে ৫৯৯ ডলারে, নতুন অবস্থায় যার মূল দাম ৬৯৯ ডলার। আর ৫১২ জিবি স্টোরেজ ও টাচ আইডি ফিচারসহ উন্নত মডেলটির রিফার্বিশড দাম নির্ধারণ করা হয়েছে ৬৭৯ ডলার, যা আগে ছিল ৭৯৯ ডলার। বিক্রি হওয়া প্রতিটি রিফার্বিশড ল্যাপটপের সঙ্গেই এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি থাকছে এবং গ্রাহকরা চাইলে অতিরিক্ত অ্যাপলকেয়ার প্ল্যানও যুক্ত করতে পারবেন।
১৩ ইঞ্চি ডিসপ্লের এই ম্যাকবুক নিওতে ব্যবহার করা হয়েছে আইফোন ১৬ প্রো-র এ১৮ প্রো চিপ এবং ৮ জিবি র্যাম। পর্যালোচনা অনুযায়ী, সীমিত র্যাম ও মাঝারি গতির স্টোরেজের কারণে ভারী কাজের জন্য এটি পুরোপুরি উপযোগী না হলেও চমৎকার ডিসপ্লে, কীবোর্ড ও স্পিকারের সমন্বয়ে ইন্টারনেট ব্রাউজিং ও শিক্ষার্থীদের ব্যবহারের জন্য এটি দারুণ এক ল্যাপটপ।