প্রযুক্তি

অ্যাপলের ব্যবসায়িক তথ্য চুরির মামলা খারিজের দাবি ওপেনএআইয়ের

৬ আগস্ট ২০২৬
অ্যাপলের ব্যবসায়িক তথ্য চুরির মামলা খারিজের দাবি ওপেনএআইয়ের
অ্যাপলের দায়ের করা গোপনীয় তথ্য চুরির মামলাকে ভিত্তিহীন দাবি করে তা খারিজের জন্য আদালতে আবেদন জানিয়েছে ওপেনএআই।

অ্যাপলের দায়ের করা ব্যবসায়িক গোপনীয়তা চুরির মামলাটি খারিজের জন্য যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে আবেদন করেছে ওপেনএআই। চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো পুরোপুরি ভিত্তিহীন। গত জুলাই মাসে অ্যাপল অভিযোগ করে, তাদের কয়েকজন সাবেক কর্মী ওপেনএআইয়ে যোগ দেওয়ার সময় হার্ডওয়্যার উন্নয়নের গোপন নথি চুরি করেছেন।

আদালতে জমা দেওয়া আবেদনে ওপেনএআই জানিয়েছে, কর্মীদের স্বাভাবিক কাজকে চুরি এবং সাধারণ পণ্য উন্নয়নের তথ্যকে গোপনীয় হিসেবে দেখাচ্ছে অ্যাপল। যেমন, অভিযুক্ত সাবেক কর্মী চ্যাং লিউ কেবল তার সাবেক সহকর্মীদের অনুরোধে সহায়তা করছিলেন। প্রযুক্তি প্রতিষ্ঠানটি আরও জানায়, নিজস্ব তথ্যের গোপনীয়তা রক্ষায় অ্যাপল যথেষ্ট ব্যবস্থা নিতে পারেনি।

ওপেনএআই-এর মতে, পণ্যে এআই প্রযুক্তি যুক্ত করতে ব্যর্থ হওয়া এবং দক্ষ কর্মী ধরে রাখার অক্ষমতা ঢাকতেই অ্যাপল এই মামলার আশ্রয় নিয়েছে। আগামী ১ অক্টোবর বিচারক মামলা খারিজের আবেদনটি শুনবেন। অন্যদিকে, মামলা চলাকালে কথিত গোপন নথিতে ওপেনএআই ও সংশ্লিষ্ট কর্মীদের প্রবেশাধিকার বন্ধ করতে সোমবার এক প্রাথমিক নিষেধাজ্ঞার আবেদন করেছে অ্যাপল।

ওপেনএআইঅ্যাপলমামলাকৃত্রিম বুদ্ধিমত্তাপ্রযুক্তি