অ্যাপলের পর্দাযুক্ত নতুন 'হোমপ্যাড' আসতে পারে অক্টোবরেই

দীর্ঘদিন ধরে গুঞ্জন চলার পর অবশেষে অ্যাপলের পর্দাযুক্ত নতুন হোম হাবের তথ্য সামনে এসেছে। ব্লুমবার্গের মার্ক গুরম্যানের প্রতিবেদন অনুযায়ী, গুগল নেস্ট হাব মিনি ও অ্যামাজন ইকো শোর সাথে টেক্কা দিতে অ্যাপল তাদের এই নতুন ডিভাইসটি বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের অক্টোবর থেকে আগামী বছরের শুরুর দিকের মধ্যেই ডিভাইসটির ঘোষণা আসতে পারে।
নতুন এই স্মার্ট ডিভাইসে ৭ ইঞ্চির একটি বর্গাকার ডিসপ্লে থাকবে। এটি টিভিওএস ভিত্তিক একটি নতুন অপারেটিং সিস্টেমে চলবে, যার ইন্টারফেসে আইওএস ও ওয়াচওএস-এর মতো আইকন, উইজেট ও অ্যাপ থাকবে। ডিভাইসটির মূল চালিকাশক্তি হিসেবে থাকবে উন্নত সংস্করণের 'সিড়ি' এআই। এ ছাড়া এতে ভিডিও চ্যাট, নিরাপত্তা সুবিধা ও অন্যান্য অ্যাপল ডিভাইসের সঙ্গে যুক্ত হওয়ার ইন্টারকম ফিচার থাকবে। এমনকি কে ডিসপ্লের দিকে তাকাচ্ছে তার ওপর ভিত্তি করে লেখা ও আইকনের আকার স্বয়ংক্রিয়ভাবে বদলে যাওয়ার প্রযুক্তিও থাকবে এতে।
স্মার্ট হোম প্রযুক্তিতে নিজস্ব অবস্থান তৈরি করতে অ্যাপল এই বড় পদক্ষেপ নিচ্ছে। এতদিন এ খাতে প্রতিষ্ঠানটি মূলত তৃতীয় পক্ষের অ্যাক্সেসরিজের ওপর নির্ভরশীল ছিল। ২০২৫ সালের বসন্তে ডিভাইসটি উন্মোচনের কথা থাকলেও সিড়ি এআই পিছিয়ে যাওয়ায় এর প্রকাশ আইওএস ২৭ ও সিড়ি এআই মুক্তির সময়ের সঙ্গে মেলানো হয়েছে।
নতুন এই হোম হাব ছাড়াও অ্যাপল অ্যামাজনের রিং ব্যবস্থার প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজস্ব সিকিউরিটি ক্যামেরা, নতুন অ্যাপল টিভি এবং হোমপ্যাড মিনি আনছে। পরবর্তীতে স্ক্রিনসহ রোবোটিক আর্ম যুক্ত ডিভাইস বাজারে আনার পরিকল্পনাও রয়েছে তাদের।