অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি হাঁকিয়ে আত্মবিশ্বাসী মিরাজ

মারারা ওভালে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তানজিদ হাসান ও মুশফিকুর রহিম কোনো রান না করেই বিদায় নেন। দলের আর কোনো ব্যাটার ফিফটির দেখা না পেলেও সাত নম্বরে নেমে শক্ত হাতে হাল ধরেন মেহেদী হাসান মিরাজ। দলের সংগ্রহ যখন ১০৫ রানে ৫ উইকেট, তখন ক্রিজে এসে একপ্রান্ত আগলে রাখেন তিনি।
একপর্যায়ে ১৯৪ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সেখান থেকে শেষ উইকেটে খালেদ আহমেদকে সঙ্গে নিয়ে ৬৯ রানের জুটি গড়েন মিরাজ। ফলে প্রথম ইনিংসে ২৬৩ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। অপরাজিত ১০৯ রানের ইনিংস খেলতে মিরাজ খরচ করেন ১৪১ বল, যেখানে ছিল ১১টি চার ও ৪টি ছক্কা। প্রথম ৫০ রান তুলতে ৭৫ বল লাগলেও পরের ৫০ রান তিনি করেন মাত্র ৫৩ বলে।
দিন শেষে বিসিবির পাঠানো ভিডিও বার্তা অনুযায়ী, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো খেলার চ্যালেঞ্জ কাটিয়ে উইকেটে মানিয়ে নেওয়াকেই প্রাধান্য দিয়েছেন মিরাজ। তিনি জানান, শুরুতে মেরিটে খেলে উইকেটে থিতু হওয়ার পর রান তোলা সহজ হয়েছে। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে নামার আগে এই শতক তাঁকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম এবং ২২ আগস্ট ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল।