অস্ট্রেলিয়াজুড়ে ৫,৩০০ কিমি সাইকেল চালিয়ে পরদিনই মারা গেলেন ৮২ বছরের বৃদ্ধ

দাতব্য তহবিলের জন্য অস্ট্রেলিয়াজুড়ে ৫,৩০০ কিলোমিটার সাইকেল চালানোর কঠিন চ্যালেঞ্জ শেষ করেছিলেন ৮২ বছর বয়সী বব মন্টগোমারি। তবে ছয় সপ্তাহের দীর্ঘ সফর শেষ করার মাত্র একদিন পরই হঠাৎ তার মৃত্যু হয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পরিবার জানায়, মৃত্যুর আগে অত্যন্ত শান্তভাবে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মোটর নিউরন ডিজিজ (এমএনডি) নামক ব্যাধিতে আক্রান্তদের সহায়তায় তহবিল তুলতে ‘ওয়ান লাস্ট রাইড’ শিরোনামে এই অভিযান শুরু করেছিলেন বব। সফরটিতে তার সঙ্গে ছিলেন ১৮ বছর বয়সী নাতি টম ম্যালকম। পশ্চিম অস্ট্রেলিয়ার ব্রুম থেকে শুরু করে সিডনির দক্ষিণ-পশ্চিমের বোরাল শহর পর্যন্ত সাইকেল চালিয়ে তারা প্রায় ১ লাখ ৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার সংগ্রহ করেন।
মন্টগোমারির ৫৯ বছরের দীর্ঘ বিবাহিত জীবনের সঙ্গী জেনি শেষ মুহূর্ত পর্যন্ত তার পাশেই ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম এবিসি জানায়, গন্তব্যে পৌঁছানোর পর স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সংবর্ধনায় সিক্ত হন তিনি। তবে সিডনিতে পরিবারের সাথে উদযাপনের কিছু পরেই অসুস্থ হয়ে পড়েন এই প্রবীণ সাইক্লিস্ট।
নিজের এক স্বজনকে এই দূরারোগ্য ব্যাধিতে হারানোর পর থেকেই এমএনডি এনএসডব্লিউ সংস্থার সঙ্গে যুক্ত হয়ে তহবিল সংগ্রহ করছিলেন মন্টগোমারি। পূর্বে পাঁচটি অভিযানে তিনি প্রায় ৩ লাখ অস্ট্রেলিয়ান ডলার তুলেছিলেন। সংস্থাটির প্রধান নির্বাহী লিয়াম ও’মিয়ারা তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তাকে একজন অবিচল সমর্থক হিসেবে বর্ণনা করেছেন।