অবসরপ্রাপ্ত বাসচালকের বাড়িতে ২০ কোটি রুপি ও ১৫ কেজি স্বর্ণ উদ্ধার

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে এক অবসরপ্রাপ্ত সরকারি বাসচালকের বাড়ি থেকে প্রায় ২০ কোটি রুপি এবং ১৫ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাত তিনটার দিকে বীরভূমের মোহাম্মদ বাজার এলাকায় উত্তরবঙ্গ রাজ্য পরিবহন সংস্থার সাবেক চালক মিনার মন্ডলের বাসভবনে এ অভিযান শুরু হয়।
কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় টানা ১১ ঘণ্টা তল্লাশি চালান ইডির প্রতিনিধিরা। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ রুপি গণনার জন্য তাদের বিশেষ যন্ত্র নিয়ে আসতে হয়। পরবর্তীতে জব্দ করা সমস্ত অর্থ ও স্বর্ণের বার মোট পাঁচটি ট্রাঙ্কে করে নিয়ে যান কর্মকর্তারা। তল্লাশি চলাকালে মিনার মন্ডল ও তাঁর ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হলেও তাঁর আত্মীয় পাথর ব্যবসায়ী টুলু মন্ডল বর্তমানে পলাতক।
পলাতক টুলু মন্ডল বীরভূমের রাজনৈতিক নেতা অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। স্থানীয় পাথর খাদান থেকে বেআইনিভাবে পাথর তুলে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া এবং অর্থ আত্মসাতের অভিযোগ থেকে এই ইডি অভিযান পরিচালিত হয়েছে।