অনৈতিক লেনদেনের অভিযোগে রাঙামাটিতে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ

বিশ্ববিদ্যালয় কর্মকর্তার কাছ থেকে অনৈতিকভাবে অর্থ গ্রহণের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের কথা জানিয়েছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রদলের চার নেতা। শনিবার রাত আটটার দিকে নিজ নিজ ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে তারা এই সিদ্ধান্তের কথা জানান। চলতি বছরের ১ মে ৪১ সদস্যের এই বিশ্ববিদ্যালয় শাখা কমিটি অনুমোদন পেয়েছিল।
পদত্যাঘোষণা দেওয়া চার নেতা হলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস, মো. সোলেমান বাদশা, নকিবুল আবছার ও সদস্য মিনহাজ উদ্দিন। যুগ্ম আহ্বায়ক নকিবুল আবছারের দাবি, শাখা সদস্যসচিব জিসান আহম্মেদ বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার সঙ্গে অনৈতিক লেনদেন করেছেন। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলকে জানানো হলেও কোনো সুরাহা না হওয়ায় এবং নোটিশ ছাড়া বারবার দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়ায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে শিগগিরই পুরো বিষয়টি স্পষ্ট করা হবে এবং অফিশিয়ালি পদত্যাগপত্র জমা দেওয়া হবে বলে জানান অপর যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস।
অভিযোগ অস্বীকার করে সদস্যসচিব জিসান আহম্মেদ জানান, পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা মূলত দলে নিষ্ক্রিয় ও অসহযোগিতাপূর্ণ। তাদের দুজনকে শোকজ নোটিশ দেওয়া হলেও তারা জবাব না দিয়ে অপপ্রচার করছেন। অন্যদিকে, শাখা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে চার নেতার পদত্যাগের বিষয়টি তিনি জেনেছেন, তবে এ বিষয়ে কেন্দ্রীয় কমিটি থেকে এখনো কোনো নির্দেশনা পাননি।