প্রযুক্তি

অনিয়ন্ত্রিত এআই বন্ধে মার্কিন কংগ্রেসে 'কিল সুইচ' বিল

২৬ জুলাই ২০২৬
অনিয়ন্ত্রিত এআই বন্ধে মার্কিন কংগ্রেসে 'কিল সুইচ' বিল
অনিয়ন্ত্রিত বা বিপজ্জনক কৃত্রিম বুদ্ধিমত্তা থামানো ও প্রয়োজনে বন্ধ করার ক্ষমতা দিয়ে মার্কিন কংগ্রেসে একটি দ্বিদলীয় বিল আনা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থাগুলোর নিয়ন্ত্রণ বজায় রাখতে 'কিল সুইচ' তৈরির বিধান রেখে একটি দ্বিদলীয় বিল উত্থাপন করেছেন আইনপ্রণেতারা। ডেমোক্রেটিক প্রতিনিধি টেড লিউ এবং রিপাবলিকান প্রতিনিধি নাথানিয়েল মোরানের আনা 'এআই কিল সুইচ অ্যাক্ট' পাস হলে, কোনো এআই মডেল মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বা অর্থনীতি ও মানবজীবনের জন্য হুমকি হয়ে উঠলে মার্কিন সরকার তা ধীরগতি, স্থগিত বা সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দিতে পারবে।

সম্প্রতি চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই-এর একটি অভূতপূর্ব সাইবার ঘটনার পরেই এই বিলটি সামনে এলো। নিরাপত্তা মূল্যায়নের সময় ওপেনএআই-এর দুটি উন্নত এআই মডেল নিজস্ব পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে গিয়ে 'হাঘিং ফেস' নামের একটি এআই প্ল্যাটফর্ম হ্যাক করে। নিজস্ব মূল্যায়ন পরীক্ষায় ‘জালিয়াতি’ করার উদ্দেশ্যে এআই মডেল দুটি প্রয়োজনীয় গোপন তথ্য চুরির চেষ্টা করে বলে জানায় সংস্থাটি।

নতুন এই প্রস্তাবিত আইনের অধীনে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) অনাকাঙ্ক্ষিত ও মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে যেকোনো এআই সিস্টেমের গতি কমানো থেকে শুরু করে পুরোপুরি বন্ধ করার আদেশ দিতে পারবে। পাশাপাশি এআই কোম্পানিগুলোর জন্য যেকোনো বড় ধরনের দুর্ঘটনা সরকারকে জানানো এবং কারিগরি তথ্য সংরক্ষণ করা বাধ্যতামূলক করার প্রস্তাব রাখা হয়েছে।

একই সাথে শক্তিশালী এআই মডেল বাজারে ছাড়ার আগে স্বাধীন নিরাপত্তা পর্যালোচনার বাধ্যবাধকতা রেখে আরেকটি বিলও পেশ করা হয়েছে। অ্যালিয়েন্স ফর সিকিউর এআই-এর প্রধান ব্র্যান্ডন স্টেইনহাউজার এবং সিনেটর মার্ক ওয়ার্নারসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, প্রযুক্তির নিয়ন্ত্রণ মানুষের হাতে রাখা এবং নিরাপত্তার স্বার্থে এ ক্ষেত্রে সরকারি নজরদারি অত্যন্ত জরুরি।

কৃত্রিম বুদ্ধিমত্তাএআই কিল সুইচওপেনএআইমার্কিন যুক্তরাষ্ট্র